ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবি’র নিরাপত্তা জোরদার
পলাতক আসামিদের অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়া বা দেশে ঢোকা ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ডিসেম্বরের আগে অবৈধভাবে সীমান্ত পারাপার রোধেও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের অভিযান ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে টহল বাড়ানো হয়েছে। সেক্টরের চার ব্যাটালিয়ন ৩২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখছে। সব সীমান্তচৌকি (বিওপি) রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়।
সন্দেহজনক চলাফেরা শনাক্ত করতে সীমান্তজুড়ে নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান ঠেকানোর পাশাপাশি পলাতক আসামিদের অবৈধভাবে দেশে ঢোকা ও বেরিয়ে যাওয়া বন্ধ করাই এসব তৎপরতার মূল লক্ষ্য। ডিসেম্বরের আগে সেক্টরজুড়ে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত পয়েন্ট চিহ্নিত করে সেখানে গোয়েন্দা ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে পুশ ইন ও সম্ভাব্য নাশকতা ঠেকানো যায়।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত বিজিবির আওতাধীন এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন এবং প্রচুর মাদক জব্দ করা হয়েছে বলে জানান জাব্বার আহমেদ। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৫৫ জনকে।
সীমান্তে সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অনুরোধ করেছে বিজিবি।
মতামত দিন