টেকনাফে বিজিবির অভিযানে প্রায় ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৮ লাখ ৫৯ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রাঙ্গাঁখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আধুনিক সার্ভেইলেন্স সিস্টেম ও গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বিজিবির টহল দল রাঙ্গাঁখালী সীমান্ত এলাকায় অভিযান চালালে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হয়েছে, যার ফলে এ ধরনের সফল অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে