Views Bangladesh Logo

যশোরে ১.৯৩ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক: বিজিবি

যশোরে ৯০০ গ্রাম স্বর্ণ এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণ ও মুদ্রার মোট বাজারমূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী। তিনি ভারতের মহারাষ্ট্রের থানে জেলার মুম্বাইয়ের ভিওয়ান্ডি এলাকার আমিন আহমেদ আনসারীর ছেলে।

বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

বিজিবির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। পরে যাত্রীবাহী বাস তল্লাশি করে ওয়াজিদ আলীকে আটক করা হয় এবং ৯০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, ভারত ও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ওয়াজিদ আলী আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তিনি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিসর ও বাংলাদেশে একাধিকবার যাতায়াত করেছেন। গত ২০ এপ্রিল তিনি মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন এবং সেখান থেকে সড়কপথে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন। তার পরিকল্পনা ছিল ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করা।

জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ