উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
সোমবার (৪ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পালংখালী ও হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা চালায়। তবে প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। পালংখালী বিওপির উলুবনিয়া মাঝেরকাটি ও পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় দুটি পৃথক অভিযানে মোট ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি অভিযানে ৭০ হাজার এবং অপরটিতে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া হোয়াইক্যং বিওপির ক্যারেঙ্গাঘোনা এলাকায় আরেক অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, তিনটি অভিযানে উদ্ধারকৃত মোট ১ লাখ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, কক্সবাজার অঞ্চলের সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযানের পরিধি আরও বাড়ানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে