Views Bangladesh Logo

মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি, সীমান্তে সতর্ক বিজিবি

চট্টগ্রামের উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ শোনা যায়। উখিয়ার বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-২০ থেকে উত্তর-পূর্ব দিকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে মিয়ানমারের চাকমা কাটা এলাকায় এই সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও এবং আরেকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয় বলে জানা গেছে।

বালুখালী গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, রাতে হঠাৎ করে মিয়ানমারের দিক থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই রাতে ঘুমাতে পারেননি।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, আমরাও গোলাগুলির শব্দ শুনেছি। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সীমান্তের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও যেকোনো ধরনের অনুপ্রবেশ বা উত্তেজনা মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ