‘পুশ ইন’ ঠেকাতে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির টহল জোরদার
সম্প্রতি ভারত থেকে বাংলাভাষী লোকজনকে অবৈধভাবে ‘পুশ ইন’ করার চেষ্টার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার (৮ জুন) কুড়িগ্রাম ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তজুড়ে নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিটি সীমান্ত ফাঁড়ির (বিওপি) নিয়মিত টহলের পাশাপাশি দিন-রাতে বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশ্রহণে যৌথ টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, পেশাদারিত্বের সঙ্গে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
সীমান্ত এলাকার বাসিন্দাদের সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হাক। এর পাশাপাশি সীমান্তে যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড বা গতিবিধি নজরে এলে তা অবিলম্বে বিজিবিকে জানাতে অনুরোধ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে