Views Bangladesh Logo

বিজিবির অভিযানে উদ্ধার ৭ প্রাচীন পুরাকীর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

দিনাজপুরে বিভিন্ন সময়ে উদ্ধার করা সাতটি প্রাচীন মূর্তি ও প্রত্নসম্পদ সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এসব ঐতিহাসিক নিদর্শন কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের প্রতিনিধির কাছে তুলে দেয়।

বিজিবি জানিয়েছে, চলতি বছরের ৫ জুলাই পার্বতীপুর উপজেলার বেলাইচুন্ডি মালিপাড়া এবং কাহারোল উপজেলার ইছাইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনটি প্রাচীন পাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া নিদর্শনগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর বাইরে দিনাজপুরের বিরল ও খানসামা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে উদ্ধার হওয়া আরও চারটি প্রত্নসম্পদ দীর্ঘদিন বিজিবির হেফাজতে ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আদালতের নির্দেশনা পাওয়ার পর এসব নিদর্শনও সংরক্ষণের জন্য হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার নির্ধারিত প্রক্রিয়া শেষে মোট সাতটি মূর্তি ও প্রত্নসম্পদ মো. শিহাব হোসেন, সহকারী কাস্টোডিয়ান, কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কাহারোল, দিনাজপুরের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ৩০ এপ্রিল তিনটি এবং ১১ মে একটি প্রাচীন পাথরের মূর্তি সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, প্রত্নসম্পদ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এগুলোর অবৈধ পাচার ও ধ্বংস ঠেকাতে বিজিবি গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সেগুলোর সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ