কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা আবার ভারতের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।
শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে ৪৭ বিজিবির আওতাধীন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ ১৫২/১-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতরে আটজন অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন।
টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে না পেরে নদীপথেই ভারতের দিকে ফিরে যায়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মতামত দিন