মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোরে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলারের গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সীমান্তে অবস্থান নিলে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, বর্তমানে ওই ছয়জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
এ ঘটনায় বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা হয়েছে।
মতামত দিন