Views Bangladesh Logo

পাঁচবিবি সীমান্ত: বিজিবির প্রতিরোধের মুখে সেই বৃদ্ধকে ফিরিয়ে নিল বিএসএফ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তীব্র উত্তেজনার পর রোববার রাতে সীমান্ত এলাকার লাইট বন্ধ করে ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে ফেরত নিয়ে গেছে বিএসএফ।

এর আগে রোববার সকালে উপজেলার হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় পুশইন চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখায় দিনভর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে আসছিল।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকালে সীমান্তসংলগ্ন ফসলি মাঠে কয়েকজন স্থানীয় কৃষক কাজ করছিলেন। এ সময় আনুমানিক ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে ঘোরাঘুরি করতে দেখে কৃষকদের সন্দেহ হয়। ওই বৃদ্ধ কৃষকদের কাছে এসে ক্ষুধার্ত অবস্থায় খাবার ও পানি চান। কথাবার্তার একপর্যায়ে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন।

তিনি জানান, ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাকে জোরপূর্বক তাড়িয়ে বাংলাদেশ ভূখণ্ডে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে কৃষকরা তাৎক্ষণিকভাবে হাটখোলা বিজিবি ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় ওই বৃদ্ধকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠান। কিন্তু বিএসএফ সদস্যরা তাঁকে ভেতরে না নিয়ে সীমান্তের শূন্যরেখার একটি ডোবার মধ্যে বসিয়ে রাখে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শূন্যরেখার ডোবাটিতে ওই বৃদ্ধ দীর্ঘক্ষণ বসে ছিলেন। ডোবার এপারে সতর্ক অবস্থানে ছিলেন বিজিবি সদস্যরা, আর ওপারে অবস্থান নিয়েছিল বিএসএফ।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করলেও বিজিবির কড়া নজরদারি ও প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটে বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, ‘বিএসএফ এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছিল। আমরা তাকে পুশব্যাক করেছি। তিনি ভারতের নাগরিক। সীমান্তে বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ