Views Bangladesh Logo

গোমস্তাপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ ২১৯/২৪-আর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

খবর পেয়ে বিজিবির চাড়ালডাঙ্গা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

বিজিবি জানিয়েছে, তাদের দৃঢ় অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ