বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুরে কাঁটাতারের বেড়া খুলে ১০-১২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সোমবার (১ জুন) ভোরে সাদিপুর সীমান্তের খড়েরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি এবং পরিস্থিতি থমথমে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সীমান্তের নিরাপত্তা বাতি নিভিয়ে কৌশলে ওই ব্যক্তিদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি বিজিবি সদস্যদের নজরে আসামাত্রই তারা তাৎক্ষণিকভাবে জিরো লাইনে অবস্থান নিয়ে কঠোর বাধা দেয়। এর ফলে পুশইন করতে ব্যর্থ হয়ে বিএসএফ সদস্যরা। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেনাপোল সাদিপুর সীমান্তের ২১/৬ নম্বর পিলারের কাছ দিয়ে বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়েছিল। বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, বর্তমানে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি কঠোর নজরদারি ও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে