লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) ভোরে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত ফাঁড়ি এলাকায় ১১ জন, পাটগ্রামের পৈশত্তাবাড়ী সীমান্ত ফাঁড়ি এলাকায় ১০ জন এবং আদিতমারীর দুর্গাপুর-দীঘলতারী সীমান্ত এলাকা দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তজুড়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুশ-ইনের চেষ্টা সফলভাবে ঠেকিয়ে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ওই ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। তারা সীমান্তের শূন্যরেখা বা দুই দেশের মধ্যবর্তী নিরপেক্ষ এলাকায় অবস্থান করছিলেন।
এক বিবৃতিতে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়ন-১৫-এর গণমাধ্যম শাখা জানায়, অনুপ্রবেশ বা পুশ-ইনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশ-ইন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা-সমালোচনার মধ্যেই লালমনিরহাটের এই ঘটনাটি ঘটল। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতির ওপর তারা সার্বক্ষণিক নজর রাখছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে