Views Bangladesh Logo

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

জয়পুরহাট সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই তিন ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮-এস সাব-পিলারের কাছে এই ঘটনা ঘটে।

বিজিবির ভুটিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) কমান্ডার নায়েব সুবেদার শামসুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিষয়টি নিয়ে বিএসএফের সাথে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার ভোরে সীমান্তের একটি ফ্লাডলাইট নেভানোর পর বিএসএফ সদস্যরা এক বৃদ্ধ ও দুই নারীকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এ সময় সীমান্ত পাহারায় থাকা গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে বিএসএফের ওই পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়।

আটকে পড়া তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ৬৫ বছর বয়সী হাফিজুর রহমান। তবে তার সাথে থাকা অপর দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিএসএফের এমন পুশ-ইনের চেষ্টার অভিযোগ নতুন নয়। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যকার আসন্ন বৈঠকের সিদ্ধান্তের ওপরই পরবর্তী পদক্ষেপ ও পরিস্থিতি নির্ভর করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ