বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
দিনাজপুরের বিরামপুর সীমান্তে নয়জন নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত অবস্থান ও স্থানীয়দের সহায়তায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির বাধার মুখে অনুপ্রবেশ করতে না পেরে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন ওই নারীরা।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্তের বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে ভারতের অভ্যন্তর থেকে নয়জন নারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশে প্রবেশে তাদেরকে বাধা দেন এবং সীমান্তের শূন্যরেখার দিকে ফিরিয়ে দেন।
জানা গেছে, ভারতের গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে আনা ওই ৯ নারীকে বিরামপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বর্তমানে তারা ভারতের শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর ৪টার দিকে ভারত থেকে ৯ জনকে খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি বিজিবি এবং স্থানীয় জনগণ টের পেয়ে প্রতিহত করে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করেছে।
তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।
মতামত দিন