Views Bangladesh Logo

সাপাহার সীমান্তে ফের পুশ ইনের চেষ্টা, বিজির বাধায় শূন্যরেখায় আটকা পড়ল ৯ জন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

বুধবার বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদাতলা সীমান্তচৌকি (বিওপি) এলাকা দিয়ে এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।

খবর পাওয়ার পর আদাতলা সীমান্তচৌকির বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সংবাদ পাওয়ার পর ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে নওগাঁ সীমান্তে। গত ৫ ও ৮ জুন পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে সে সময়ও বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের মুখে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ