এবার নৌকায় করে নারীকে পুশ-ইনের চেষ্টা ঠেকাল বিজিবি
নৌকায় করে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ওই নারীকে ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা।
তিন দিনের ব্যবধানে সোমবার (১৬ জুন) গভীর রাতে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর এর পাশ দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়।
জানা গেছে, ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা একজন বেসামরিক মাঝির সহায়তা নিয়ে নৌকায় করে ওই নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, "বিজিবি টহল দলের তৎক্ষণাৎ পদক্ষেপের কারণে বিএসএফের এই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বাধা পেয়ে ওই নারী সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।"
এর আগে, গত ১৩ জুন ভোরে একই সীমান্ত দিয়ে বিএসএফ ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
মতামত দিন