বিজিবির কঠোর অবস্থানে রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের মুখে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
শনিবার (১৩ জুন) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু ছিল।
ঘটনার সময় ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে বিজিবি দ্রুত সীমান্তে অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে।
পরে বিজিবির দৃঢ় অবস্থান ও তৎপরতার মুখে রাত প্রায় ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করতে বাহিনী বদ্ধপরিকর।
উল্লেখ্য, এর আগে গত ৪ জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়েও ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। সেবারও বিজিবির বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে হয়।

মতামত দিন