সিলেটের দুই সীমান্ত দিয়ে পুশ ইন: আটক ৬৬ জন
সিলেটের দুইটি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশ ইন করার সময় ৬৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে এই ঘটনা ঘটে। বিজিবির দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। শ্রীপুর বিওপির সদস্যরা সতর্ক অবস্থানে থাকায় তাদের সঙ্গে সঙ্গেই আটক করা হয়।
এর প্রায় দেড় ঘণ্টা পর একই উপজেলার মিনাটিল সীমান্ত দিয়ে আরও ২০ জন নারী, পুরুষ ও শিশুকে ঠেলে পাঠানো হয়। মিনাটিল বিওপির বিজিবি সদস্যরাও তাদের আটক করেন।
এছাড়া বুধবার সকালে জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরও ১৪ জন নারী ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করা হয়। পরে তাদের আটক করে ১৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে যথাক্রমে ১৬ ও ২১ জন এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে আরও ৩২ জনকে পুশ ইন করার ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে, পুশ ইন প্রতিরোধ, সীমান্ত অপরাধ ঠেকানো এবং সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে