সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও পাঁচ প্লাটুন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচ প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম ও গাজীপুরে ১৫ প্লাটুন করে, নারায়ণগঞ্জে ছয়, ফরিদপুরে তিন এবং ময়মনসিংহে দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করছেন তাঁরা।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। এই সেলের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, শরীরে বহনযোগ্য ক্যামেরা ও বিভিন্ন পর্যবেক্ষণ যন্ত্রের সাহায্যে ধারণ করা সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়ও প্রস্তুত রয়েছে বাহিনীটি।
মতামত দিন