ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাতটি জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে সাত, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে আট এবং কক্সবাজারে সাত প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন