জননিরাপত্তায় সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাতটি জেলায় বিপুলসংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি সদস্য দায়িত্ব পালন করছেন গোপালগঞ্জে। সেখানে মোতায়েন করা হয়েছে ৫৬ প্লাটুন বিজিবি। পাশাপাশি জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্যকে মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা কাজ করছেন। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারিও বাড়ানো হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল।
নিরাপত্তা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করছেন সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তের নিয়মিত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক যাতায়াত এবং দৈনন্দিন কার্যক্রম সচল রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বাহিনীর।
মতামত দিন