ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের আট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নজরদারি চালানো হচ্ছে।
মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দায়িত্ব পালনে সমন্বয় বাড়াতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বিজিবি সদস্যরা পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতামত দিন