Views Bangladesh Logo

জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেলের মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের চেষ্টা প্রতিরোধে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি জানায়, ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জসহ মোট ৯ জেলার ১৯টি ডিপোতে গত ২৫ মার্চ থেকে নিরাপত্তা দায়িত্ব পালন শুরু হয়েছে।

মোতায়েনকৃত সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুদ ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমদানি-রপ্তানি যানবাহনেও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলে জানায় বিজিবি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ