Views Bangladesh Logo

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌচাক এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। কিছুক্ষণের মধ্যেই সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা দলে দলে মহাসড়কের দিকে জড়ো হতে থাকেন। এতে ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

আন্দোলনকারী শ্রমিকদের একটাই দাবি, মজুরি কাঠামো নতুন করে সাজিয়ে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলেও জানিয়েছেন তাঁরা।

বিক্ষোভের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কালিয়াকৈর, সফিপুর ও কোনাবাড়ীসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, আজ থেকেই গাজীপুরে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন এবং তাঁরা ইতোমধ্যে নির্ধারিত এলাকায় পৌঁছে গেছেন।

তিনি আরও বলেন, আপাতত ৫ প্লাটুন বিজিবি মাঠে থাকলেও পরিস্থিতির অবনতি হলে সদস্যসংখ্যা বাড়ানো হবে। শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ