নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে ঢাকা ও গাজীপুরে বিজিবি মোতায়েন
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তা।
বিজিবি বলছে, ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হবে।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি সদস্যরা। সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের সাতদিন আগে থেকে ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তারা।
বিজিবি সূত্র জানায়, ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ার কারণে রাজধানী ও আশপাশের সড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়। তাই আগেভাগেই নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে