Views Bangladesh Logo

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনল বিজিবি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ছয়জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক, যারা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে জেলেদের গ্রহণ করে বিজিবির একটি প্রতিনিধি দল। পরে তাঁদের নিরাপত্তার সঙ্গে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কয়েকজন বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাঁদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা ও বিভিন্ন কারাগারে তাঁদের রাখা হয়।

আটক জেলেদের মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিনের যোগাযোগ ও প্রচেষ্টার ধারাবাহিকতায় ধাপে ধাপে তাঁদের ফেরত আনার প্রক্রিয়ায় অগ্রগতি হয়। এরই অংশ হিসেবে বুধবার ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনা হলো।

বিজিবি সূত্র জানায়, দেশে ফেরত আনা জেলেদের পরিচয় যাচাই চলছে। স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম দায়িত্ব। মানবিক সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আরাকান আর্মির হাতে আটক অবশিষ্ট জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলেকেও দেশে ফিরিয়ে এনেছিল বিজিবি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ