Views Bangladesh Logo

দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই পুশ ইনের চেষ্টার পর ওই ব্যক্তিরা বর্তমানে দুই দেশের শূন্যরেখায় আটকা পড়ে আছেন।

শুক্রবার (১২ জুন) ভোররাতে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চড়বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চড়মেঘনা এলাকা দিয়ে ওই ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়। ভোররাতে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে ঢুকলে স্থানীয় বাসিন্দারা তাদেরকে প্রথমে আটক করে রাখেন। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে তাদেরকে আরও ভেতরে প্রবেশ করতে বাধা দেন।

পরবর্তীতে বিজিবি ওই দলটিকে সীমান্তের ১৪৮ নম্বর মেইন পিলারের কাছে নিয়ে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। তবে ভারতের দিক থেকেও বিএসএফ অবস্থান নেওয়ায় একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী ‘নো-ম্যানস ল্যান্ড’-এ অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা কড়া নজরদারি রাখছেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘এই বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে সীমান্ত এলাকার এই ঘটনাটি সরাসরি বিজিবি দেখভাল করছে। তাদের নির্দেশনা ও সমন্বয়ের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে এ ধরনের পুশ ইনের ঘটনা বা প্রচেষ্টা বৃদ্ধির জেরে বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ