সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ
কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তাও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএফআইইউর চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবগুলোর বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। এর মধ্যে হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি ও কেওয়াইসি সংক্রান্ত নথি এবং হিসাবের লেনদেনের বিবরণসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
তবে ঠিক কী কারণে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, সে বিষয়ে বিএফআইইউর চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফলে তথ্য তলবের সঙ্গে তার সাম্প্রতিক কোনো ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
এর মধ্যেই রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে আলোচনা চলছে। ২৬ সেপ্টেম্বর রাতে ওই আবাসন প্রকল্পে হামলার সময় স্টুডিওটির পাশাপাশি নিউগিনি প্রপার্টিজের কার্যালয় ও আশপাশের কয়েকটি স্থাপনাতেও ভাঙচুরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে অনধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট ও চুরির কথা বলা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
হামলার কারণ নিয়ে শুরু থেকেই ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সালমান মুক্তাদির প্রথম দিকে চাঁদাবাজির অভিযোগ তুললেও পুলিশ প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের কথা জানিয়েছে। পুলিশের ভাষ্য, নিউগিনি প্রপার্টিজ ও সংশ্লিষ্ট এলাকার জমির মালিকদের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
হামলার পর সালমান মুক্তাদির অভিযোগ করেন, তিনি ঘটনার রাতেই ক্যান্টনমেন্ট থানায় মামলা করতে গিয়েছিলেন, তবে পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি।
অন্যদিকে ঘটনাটি নিয়ে সাম্প্রতিক সময়ে কনটেন্ট নির্মাতাদের দায়িত্বশীলতা নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম কনটেন্ট নির্মাতাদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। এই প্রেক্ষাপটেই সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলবের খবর সামনে এলো।
মতামত দিন