এনবিআরের মতিউর ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
বিএফআইইউর এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সব ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব জব্দ করার চিঠি দিয়েছে বিএফআইইউ।
এরইমধ্যে মতিউর রহমান ও তার পরিবারের বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্টও ব্লক করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দের আহ্বান জানায় দুর্নীতি দমন কমিশন। যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় লেনদেন সম্পর্কিত এই দুটি নিয়ন্ত্রক সংস্থা।
উল্লেখ্য, এনবিআরের শুল্ক, আবগারি ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন মতিউর রহমান। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় রোববার সেখান থেকে তাকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করে অর্থ মন্ত্রণালয়।
মতামত দিন