সাবিনাদের অপেক্ষায় বাফুফে, ফের বৈঠক রোববার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল অনুরোধেও মাঠে ফেরেননি বিদ্রোহী ১৮ নারী ফুটবলার। এখনো ইংলিশ কোচ পিটার বাটলারের অনুশীলন বয়কটের সিদ্ধান্তে নিজেদের অবস্থানে অনড় তারা। বিশেষ তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর নারী ফুটবলের সংকট নিরসনের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বাফুফের।
এই প্রচেষ্টার অংশ হিসেবে আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) অধিনায়ক সাবিনা খাতুনসহ সিনিয়র ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসবে বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, ‘এখনো সাবিনাদের ফেরার পথ খোলা আছে।’
বৈঠকে নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির ব্যাপারে আলোচনা করবেন এবং কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনের ফেরানোর চেষ্টা করা হবে। এরই মধ্যে বাফুফে ৩৬ নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছে। মোট ৫৫ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি হবে। এরমধ্যে বিদ্রোহ করা ১৮ খেলোয়াড়ের অপেক্ষায় রয়েছে বাফুফে।
সর্বশেষ বাফুফের অবস্থান সম্পর্কে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা সবাই ধৈর্য ধরি। আমাদের সামনে দীর্ঘ পথ রয়েছে। ইনশাআল্লাহ আমরা সমস্যার সমাধান করবো এবং সবাই একসঙ্গে এগিয়ে যাবো।
গত ২৯ জানুয়ারি থেকে কোচ ও খেলোয়াড় দ্বন্দ্বে বাংলাদেশের নারী ফুটবলে সংকট চলমান রয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। দুটি ম্যাচই আমিরাতে হবে। এজন্য দল গঠনের পরিকল্পনা করছে বাফুফে। চূড়ান্ত দল গঠনের আগে সাবিনাদের সঙ্গে আলোচনা করে নিতে চায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
শেষ পর্যন্ত চূড়ান্ত দলে থাকবেন কিনা সাফজয়ী সাবিনারা, সেটি দেখার বিষয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে