Views Bangladesh Logo

টানা দুই হারের পরই জেরার্ড জোন্স বরখাস্ত, শেষ ম্যাচে কোচ সহকারী মিশু

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে ই-মেইলের মাধ্যমে তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষেও জয় পায়নি বাংলাদেশ। দুই ম্যাচে পরাজয়ের ফলে মূল পর্বে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতেই কোচিং স্টাফে বড় পরিবর্তন আনল বাফুফে।

জোন্সের পরিবর্তে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে তাকে। অর্থাৎ, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন কোচের অধীনে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

তবে জোন্সের বিদায়ের পেছনে শুধু মাঠের ফল নয়, তার আচরণও বড় কারণ হিসেবে কাজ করেছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন মন্তব্য নিয়ে আগে থেকেই অসন্তুষ্ট ছিল বাফুফে। দলের ভেতরেও তার সঙ্গে সহকারী কোচ মিশুর সম্পর্ক ভালো ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, বাছাইপর্বের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু উজবেকিস্তানে দলের টানা ব্যর্থতার পর সেই সিদ্ধান্ত আর পিছিয়ে দেওয়া হয়নি।

তাসখন্দে অবস্থানরত জোন্সকে দ্রুতই দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তাকে দলের হোটেল থেকেও চলে যেতে বলা হয়েছে বলে জানা গেছে। এখন শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মিশুর অধীনে মাঠে নেমে বাছাইপর্বের হতাশা কাটানোর চেষ্টা করবে বাংলাদেশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ