Views Bangladesh Logo

জাতীয় দলের নতুন কোচ বাছাইয়ে বাফুফের বিশেষ কমিটি

পুরুষ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নির্বাচনের লক্ষ্যে আবেদন যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরিতে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের এক কর্মকর্তা জানান, সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রায় ৩০০ জন প্রার্থী আবেদন করেন। বর্তমান প্রধান কোচ হাভিয়ের কাবরেরার চার বছরের মেয়াদ চলতি মাসের শেষেই শেষ হবে।

নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই কমিটি আবেদনকারীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে জাতীয় দল কমিটির কাছে পাঠাবে। এরপর সেই তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও মূল্যায়ন করা হবে।

কমিটির নেতৃত্বে আছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন। তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন সাবেক জাতীয় গোলরক্ষক ছাইদ হাসান কানন, সাবেক ফুটবলার ও ক্রীড়া বিশ্লেষক ইকবাল হোসেন এবং বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।

এ বিষয়টি নিশ্চিত করে কামরুল হাসান হিলটন জানান, এক সপ্তাহের মধ্যেই আবেদনপত্র পর্যালোচনার কাজ শেষ করে সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়া হবে।

এদিকে, সম্প্রতি বাফুফে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হলেও সময় স্বল্পতার কারণে সেখানে কোচ নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। ফেডারেশন বর্তমানে প্রধান কোচের পাশাপাশি একজন গোলরক্ষক কোচ ও যুব দলের কোচ নিয়োগের প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ