বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ দুপুরে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বেলা ১১টা থেকে চলছে বার্ষিক সাধারণ সভা (এজিএম), শেষ হবে দুপুর ১টায়।
অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বাফুফের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনের এটাই প্রথম নির্বাচন।
নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তাবিথ আউয়াল এবং এ এফ এম মিজানুর রহমান চৌধুরী। সিনিয়র সহসভাপতি পদে মো. ইমরুল হাসান ছাড়া আর কোনো প্রার্থী নেই।
চারটি সহসভাপতি পদে জমা পড়েছে ছয়জনের মনোনয়নপত্র। তারা হলেন মো. নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, মো. শফিকুল ইসলাম মানিক, সাব্বির আহম্মেদ আরেফ ও সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির।
১৫টি সদস্যপদের বিপরীতে লড়ছেন ৩৭ জন- আ ন ম আমিনুল হক মামুন, আমীরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ, এ কে এম নূরুজ্জামান, এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, কামরুল হাসান হিলটন, খন্দকার রকিবুল ইসলাম, জসিমউদ্দিন খান খসরু, জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান, তাসমিয়া রেজোয়ানা, দেলোয়ার হোসেন, বিজন বড়ুয়া, মানস চন্দ্র দাস ধলু, মাহফুজা আক্তার কিরণ, মাহমুদা খাতুন অদিতি, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. আমের খান, মো. ইকবাল হাসান জনি, মো. ইকবাল হোসেন, মো. ইয়াকুব আলী, মো. এখলাস উদ্দীন, মো. গোলাম গাউছ, মো. ছাইদ হাছান কানন, মো. মঞ্জুরুল করিম, মো. মাহবুবুর রহমান, মো. মাহি উদ্দিন আহমদ সেলিম, মো. রিয়াজ উদ্দিন, মো. শাহাদাত হোসেন, মো. শাহীন হাসান, মো. সফিকুল ইজম ভূঁইয়া, মো. সাইফুর রহমান মনি, রওশন আক্তার হায়দার ডেইজি জাফর, শাকিল মাহমুদ চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ও সৈয়দ মুহম্মদ শহীদুল ইসলাম।
নির্বাচনে ভোটার ১৩৩ জন। তাদের মধ্যে রয়েছেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ৬৬ জন, বিপিএলের ১০ জন, বিসিএলের পাঁচজন, নারী লিগের চারজন, বিশ্ববিদ্যালয়ের ছয়জন, শিক্ষা বোর্ডের পাঁচজন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৩৪ জন এবং অন্যান্য ভোটার তিনজন।
নির্বাচিত হলে বিজয়ী সবাইকে সঙ্গে নিয়ে ফুটবলের উন্নয়নে কাজ করতে চান সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘জয়লাভে আমি আত্মবিশ্বাসী। কাউন্সিলরদের যথেষ্ট সাড়া পাচ্ছি’।
তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘পরিকল্পনা ও অভিজ্ঞতায় এগিয়ে আছি। ফুটবলের কারিগর আমি। বাফুফে ও জেলা পর্যায়ের গঠনতন্ত্র সবই মুখস্থ আমার। জয়েও আশাবাদী। আমি রাজনীতির বাইরে। তাই ক্রীড়াঙ্গনকেও রাজনীতিমুক্ত করতে চাই’।
সহসভাপতি প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘প্রতিদ্বন্দ্বী সবার মধ্যেই সম্পর্ক বন্ধুর মতো। যারা নির্বাচিত হতে পারবেন না, তারাও ফেডারেশনে যুক্ত হবেন। ডেলিগেটরা যেভাবে আমাকে সমর্থন জানাচ্ছেন, তাতে আমার বিশ্বাস, নির্বাচিত হতে পারব’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে