বেতনের দাবিতে ফের সড়ক অবরোধে বেক্সিমকোর শ্রমিকরা
গাজীপুরের কাশিমপুরে সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা তাদের অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে টানা চতুর্থ দিনের মত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
শনিবার সকাল ৯টার দিকে চক্রবর্তী মোড়ে এ বিক্ষোভ শুরু হয়, যার ফলে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানায় হাইওয়ে পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, সড়ক অবরোধ থাকলেও বিকল্প পথ দিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে।
এক শ্রমিক বলেন, ‘আমাদের বেতন না পাওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। চার দিন ধরে চলা এই আন্দোলনের পরও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।’
স্থানীয় এক সাংবাদিক জানান, ‘শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা আমাকে ২০ মিনিট ধরে আটকে রাখে। পরে আমাকে ছেড়ে দিয়ে এলাকা থেকে চলে যেতে বলে।’
কারখানা ও শিল্প পুলিশের তথ্যমতে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২২ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন।
কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে