আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার
আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে এই শ্রেণির গ্রাহকদের জন্য আগের দামই বহাল থাকছে।
বৃহস্পতিবার বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক লাইফলাইন (শূন্য থেকে ৫০ ইউনিট) ও আবাসিক প্রথম ধাপের (শূন্য থেকে ৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে আগের হারই বহাল রাখা হয়েছে।
কমিশন জানায়, এ সিদ্ধান্তে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকির মাধ্যমে সমন্বয় করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সব বিতরণ সংস্থার আবাসিক গ্রাহকদের লাইফলাইন (শূন্য থেকে ৫০ ইউনিট) পর্যায়ে এনার্জি চার্জ হবে ইউনিটপ্রতি ৪ টাকা ৬৩ পয়সা, আর আবাসিক প্রথম ধাপে (শূন্য থেকে ৭৫ ইউনিট) তা হবে ৫ টাকা ২৬ পয়সা।
এই আদেশ জুন মাসের বিল থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে