Views Bangladesh Logo

বেনজীরকে শিগগিরই ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী: শামা ওবায়েদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে শিগগিরই বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে।

রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে এবং প্রয়োজনীয় নথিপত্র বিনিময় হয়েছে। তারা (ইউএই) নির্দিষ্ট কিছু তথ্য চেয়েছিল, যা যথাযথভাবে সরবরাহ করা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ইউএই তাদের নিজস্ব আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে, আর বাংলাদেশ সরকার যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্তি পেয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে এবং আলোচনা চলছে।

তিনি বলেন, অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের জানাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকেই আপনারা হালনাগাদ তথ্য পাবেন। আমি এইমাত্র বৈঠক থেকে এলাম। যে বিষয়ে আমি এখনো পুরোপুরি অবগত নই, সে সম্পর্কে কথা বলা ঠিক হবে না।

বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, বেনজীর আহমেদ ইউএইতে জামিনে মুক্তি পেয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার সূত্রে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। গত ১৪ জুন জাতীয় সংসদে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, গত ১২ জুন ইউএই কর্তৃপক্ষ তার গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করে।

মন্ত্রী বলেন, ‘আমরা শিগগিরই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনব,’ এবং এটিকে বাংলাদেশ পুলিশের জন্য একটি বড় সাফল্য বলে উল্লেখ করেন।

২০২৫ সালের এপ্রিলে সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ