Views Bangladesh Logo

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ তথ্য আদালতের সামনে উপস্থাপন করে বেনজীরের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কাছে এমন তথ্য রয়েছে যে বেনজীর আহমেদের কাছে অন্য একটি দেশের পাসপোর্ট থাকতে পারে। বিষয়টি আদালতে তুলে ধরার প্রস্তুতি চলছে।

তিনি জানান, ইউএইর আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার শর্তে বেনজীর আহমেদকে জামিন দিয়েছেন। সরকার রোববার বিকেলে এ তথ্য জানতে পারে। এরপরই সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সচিব ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। আদালতের দেওয়া জামিনের শর্তগুলো জানতে প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র আদালতে উপস্থাপনের জন্যও সরকারের নিয়োজিত আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁর জামিন বাতিলের আবেদন করা হবে।

সরকার দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাওয়ার পরও কীভাবে তিনি জামিন পেলেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের পূর্ণাঙ্গ আদেশ হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে জামিনের শর্ত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ