ঈদ উপলক্ষে এক সপ্তাহের জন্য বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে টানা সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত বন্দর, কাস্টমস ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আজ থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যাবে। এরপর ৩১ মে পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক বন্দর দিয়ে প্রবেশ বা বের হতে পারবে না। আগামী ১ জুন সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম।
তিনি বলেন, ‘ঈদের সময় কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকেন। একই সঙ্গে অধিকাংশ আমদানিকারক নিজ নিজ এলাকায় চলে যাওয়ায় এ সময় পণ্য ছাড় গ্রহণের তেমন চাপ থাকে না। সে কারণেই প্রতিবছরের মতো এবারও সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। তবে কাস্টমস হাউস ঈদের দিন ছাড়া সীমিত পরিসরে খোলা থাকবে।’
বন্দর সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত ঈদের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রমও বন্ধ থাকবে। তবে জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুযোগ রাখা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে