Views Bangladesh Logo

ভারতের বিধানসভা নির্বাচন, ৩ দিন বন্ধ বেনাপোল বন্দর

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিন বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে জরুরি চিকিৎসার প্রয়োজনে মেডিকেল ভিসাধারী যাত্রী এবং পশ্চিমবঙ্গের ভোটাররা এই সময়ে ভারতে যাতায়াত করতে পারবেন। পচনশীল পণ্য আমদানি-রপ্তানিও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়া স্বাক্ষরিত গত ২৪ এপ্রিলের একটি পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। এই সময়ে উত্তর ২৪ পরগনার সব আন্তর্জাতিক স্থলসীমান্ত এবং প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ থাকবে।বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, আগামী বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত পশ্চিমবঙ্গের ভোটাররা ভোট দিতে ভারতে ফিরে যেতে পারবেন। তবে সব ধরনের পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক হতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। ভারত থেকে পচনশীল পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ