বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে একটি ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতা ও অভিবাসীবিরোধী বিক্ষোভে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রায় পাঁচ হাজার বাংলাদেশি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে অনেক পরিবার বাধ্য হয়ে ঘরবন্দি অবস্থায় রয়েছেন।
গত ৮ জুন এক স্থানীয় শ্বেতাঙ্গ বাসিন্দা স্টিফেন ওগিলভিকে ছুরিকাঘাতের ঘটনায় এক সুদানী অভিবাসীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এরপর তা দ্রুত জাতিগত সহিংসতায় রূপ নেয়। শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট, যানবাহন ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মুখোশধারী হামলাকারীরা অভিবাসী পরিবারগুলোর বাসা টার্গেট করে হামলা চালায়। একাধিক পরিবারকে নিরাপত্তার কারণে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে বহু বাংলাদেশি পরিবার একসঙ্গে ছোট ফ্ল্যাটে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও এখনো আতঙ্ক পুরোপুরি কাটেনি। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

মতামত দিন