Views Bangladesh Logo

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হোসাইন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অপরদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

এর আগে রোববার হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানির জন্য সোমবার (৩ মার্চ) দিন ধার্য করেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ২০১০ সালের ৮ আগস্ট ঢাকার তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ করা হয়।

এরপর ২০১৮ সালের ১৯ অক্টোবর ওই মামলায় রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায়ে খালেদা জিয়াসহ তিন আসামিকে সাত বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। অপর আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। পরে হারিছ চৌধুরী ছাড়া অন্যরা হাইকোর্টে আপিল করেন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় ২৭ নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ