Views Bangladesh Logo

সাইবার বুলিং ঠেকাতে ‘শিক্ষক সুরক্ষা আইন’ চাইলেন বিউটি রানী পাল

সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কের কেন্দ্রে থাকা শিক্ষিকা বিউটি রানী পাল তার পাশে দাঁড়ানো শিক্ষক, সাংবাদিক, অধ্যাপক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে শিক্ষকদের সাইবার বুলিং ও অনলাইন হয়রানি থেকে সুরক্ষা দিতে ‘শিক্ষক সুরক্ষা আইন-২০২৬’ দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বিউটি রানী পাল বলেন, বাংলাদেশের সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট বুদ্ধিজীবীরা তার পাশে দাঁড়িয়েছেন। এজন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমে যে সংহতি ও নৈতিক সমর্থন তিনি পেয়েছেন, তা তাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। এই ভালোবাসা ও সহযোগিতা তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

বিউটি রানী পাল জাতীয় সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষক সুরক্ষা আইন-২০২৬’ দ্রুত প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

এর আগে, গত ২৬ জুলাই, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সাইবার বুলিং ও মানহানির অভিযোগে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ