Views Bangladesh Logo

বিয়ানীবাজারে তৌহিদী জনতার বাধায় নৌকাবাইচ বন্ধ হবে না: ইউএনও

সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে নির্ধারিত সময়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠীর আপত্তি ও প্রতিযোগিতা বাতিলের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, কারও বাধায় গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন বন্ধ হবে না।

ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। এটি ‘তৌহিদী জনতা’ বা কারও বাধার কারণে থেমে থাকবে না। স্থানীয়রা বসে সমাধান করতে না পারলে আমরা বসে সমাধান করে দেব।

তিনি জানান, নৌকাবাইচের আয়োজক কমিটি কিংবা যারা এর বিরোধিতা করছেন, কোনো পক্ষই এখন পর্যন্ত প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিষয়টি জানার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সমস্যা সমাধানে উদ্যোগ নিতে বলা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয়দের নিয়ে সভা হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আগামী ২৮ আগস্ট সুনাই নদীতে বার্ষিক নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও অতীতে এ ধরনের বাধার মুখে পড়তে হয়নি আয়োজকদের।

তবে এবার ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠী নৌকাবাইচ বাতিলের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রতিযোগিতা বন্ধের দাবিতে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকেও নৌকাবাইচ বাতিলের দাবি জানানো হয়।

লাউতা ইউনিয়নের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় যুবকরা দীর্ঘদিন ধরে সুনাই নদীতে নৌকাবাইচের আয়োজন করে আসছেন। তবে কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতার বিরুদ্ধে লেখালেখি করছেন। এতে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরেক বাসিন্দা বলেন, প্রতিবছর শত শত মানুষ নৌকাবাইচ দেখতে নদীর পাড়ে জড়ো হন। দীর্ঘদিনের এই আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, নৌকাবাইচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে লেখালেখি হচ্ছে। বাধা দেওয়ার বিষয়টিও তিনি শুনেছেন। তবে কোনো পক্ষই তার কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। নৌকাবাইচটি নিয়মিতই অনুষ্ঠিত হয়ে থাকে।

এদিকে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আয়োজনের প্রস্তুতি নিয়ে শুক্রবার তাদের বৈঠক হয়েছে। শনিবার সন্ধ্যাতেও আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলছে এবং ২৮ আগস্ট নির্ধারিত সময়েই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ