বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ শুরু আজ
বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের মামলার বিচারকাজ আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে অস্থায়ী আদালতে চলবে এই মামলার বিচার।
বুধবার (৮ জানুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে। তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আদালত ভবনটিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এতে আরও বলা হয়, ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় ওই কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকাজ পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেওয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে