বিডিআর পরিবারের তিন দফা দাবি
বিডিআর পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং নিপীড়নের শিকারদের সুরক্ষা নিশ্চিতে তিন দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে।
রোববার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে লেবার পার্টির মহাসচিব বলেন, ‘বিডিআর সদস্যরা দেশের সীমান্ত রক্ষায় জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজও তারা কারাগারে রয়েছেন এবং নিপীড়নের শিকার হচ্ছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে বিডিআর সদস্যদের মুক্তি দিন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করুন, অন্যথায় দেশের সাধারণ মানুষ আবারও রাস্তায় নেমে আসবে।’
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘বিডিআর সদস্যদের নিয়ে আর কোনো অজুহাত চলবে না। তাদের দ্রুত মুক্তি দিতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। যারা চাকরির উপযুক্ত বয়সে আছেন, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে।’
এসময় মানববন্ধনে বক্তারা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:-
১. পিলখানায় নির্মমভাবে নিহত ৭৪ জন, যার মধ্যে ৫৭ জন সেনা কর্মকর্তা রয়েছেন, তাদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. সমস্ত নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দাবি এবং ১৮টি বিশেষ আদালতের নামে পরিচালিত প্রহসনের মাধ্যমে গণগ্রেপ্তার করা সদস্যদের পুনর্বহাল বা সরকারি চাকরিতে পুনর্নিয়োগ করা, যেখানে রেশন, বেতন ভাতা, পদোন্নতিসহ সব সুবিধা নিশ্চিত করা হবে।
৩. তদন্ত কমিশনের নিরপেক্ষ, স্বাধীন ও নির্ভীক কার্যক্রম নিশ্চিত করতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ধারা ২ (ঙ) বাতিল করা।
এর আগে (১১ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার পিলখানা হত্যা মামলার বিচারের দাবি এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের জন্য সারা দেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে