পিলখানা হত্যাকাণ্ড: স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু
রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ ঘিরে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে আজ এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
এই কমিটি গঠনের বিষয়টি চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময়ের আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এর পরিপ্রেক্ষিতে আদালত ১৫ ডিসেম্বর আদেশের জন্য তারিখ রেখেছেন। কমিটির বিষয়ে এই সময়ের মধ্যে হলফনামা আকারে রাষ্ট্রপক্ষকে তথ্যাদি জানাতে বলা হয়েছে।
তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ‘গণহত্যা’ তদন্তে জাতীয় স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত অক্টোবরে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তাঁরা হলেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।
গত ৩ নভেম্বর প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি বা কমিশন গঠন করতে এবং ‘শহীদ সেনা দিবস’ ঘোষণায় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রসচিব (জননিরাপত্তা বিভাগ) বরাবর আবেদন দেন রিট আবেদনকারীরা।
এরপর রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব বরাবর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।
আবেদনটি ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্রসচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে