বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা অন্তু এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তু জানান, সম্পাদক তৌফিক ইমরোজ কয়েকদিন আগে চিকিৎসক দেখাতে লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী একজন বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে, খালিদী সম্পাদকীয় ও গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক এবং সম্পাদক পদে কাজ করেছেন। তিনি ঢাকা এবং লন্ডন, প্যারিস এবং টোকিওর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি ২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের নৃতাত্ত্বিক সমাজকে মূলধারা সমাজের সঙ্গে গড়ে তোলার জন্য দ্বিপক্ষীয় সমর্থন আদায় করেন।
খালিদী ডিসেম্বর ২০১৭ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকর্মীদের মধ্যেও শোক বিরাজ করছে।
মতামত দিন