Views Bangladesh Logo

ভারতের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ভারত জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শুভদীপ ঘোষ। দীর্ঘদিন দায়িত্ব পালন করা টি দিলীপের সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী শ্রীলঙ্কা সফর থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন শুভদীপ।

৫৭ বছর বয়সী শুভদীপ ঘোষ ভারতীয় ক্রিকেটে পরিচিত একটি নাম। এর আগে তিনি ভারত নারী ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই বছর সেই দায়িত্বে থেকে ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সঙ্গে ছিলেন।

জাতীয় দলের বাইরে ভারত ‘এ’ দল এবং আসামের সিনিয়র দলের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। খেলোয়াড়ি জীবনেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৭টি ম্যাচ খেলেছেন শুভদীপ। ঘরোয়া ক্রিকেটে আসাম ও রেলওয়ের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

অন্যদিকে, টি দিলীপ ২০২১ সালে ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নেন। তার অধীনেই ভারতীয় দলের ফিল্ডিং মান উল্লেখযোগ্যভাবে উন্নতি করে। রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফের সদস্য হলেও পরে প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনেও দায়িত্বে বহাল ছিলেন তিনি।

২০২৫ সালের মাঝামাঝি ইংল্যান্ড সফরের আগে নতুন করে এক বছরের চুক্তিতে দায়িত্বে ফেরেন টি দিলীপ। তবে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এবার আর তা নবায়ন করেনি বিসিসিআই।

এদিকে ভারতের কোচিং স্টাফে আরও একটি পরিবর্তন এসেছে। সহকারী কোচ রায়ান টেন ডেসকাটও দায়িত্ব ছেড়েছেন। দুই বছরের চুক্তি শেষ হওয়ার পর তিনি নতুন চুক্তিতে আগ্রহ না দেখিয়ে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে ফিরে গেছেন। সেখানে তিনি ‘হেড অব ক্রিকেট স্ট্র্যাটেজি’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ১৫ আগস্ট গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট কলম্বোয়। নতুন ফিল্ডিং কোচ হিসেবে শুভদীপ ঘোষের প্রথম বড় দায়িত্ব হবে এই সিরিজেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ