Views Bangladesh Logo

ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে ‘বিসিবিএল ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ উদ্বোধন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের মধ্যে ক্রীড়াচর্চা, সৌহার্দ্য ও আন্তঃব্যাংক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আয়োজিত ‘বিসিবিএল ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দেশের ব্যাংকারদের অন্যতম বৃহৎ সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড এ টুর্নামেন্টের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি তার বক্তব্যে দেশের খেলাধুলার মানোন্নয়নে ব্যাংকার্স ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, কর্মব্যস্ত ব্যাংকারদের মধ্যে সুস্থ জীবনযাপন, কর্মোদ্যম এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে ক্রীড়াভিত্তিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি এ ধরনের প্রতিযোগিতাকে একটি ঐক্যবদ্ধ ও প্রাণবন্ত ব্যাংকিং কমিউনিটি গঠনের কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সভাপতি মো. রাশেদ আকতার তার বক্তব্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড়, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবং আয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ব্যাংকারদের মধ্যে সুসম্পর্ক ও ক্রীড়া সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিবছর নিয়মিতভাবে এ প্রতিযোগিতা আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক রশীদ-উন-নবী বলেন, দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কর্মক্ষেত্রের বাইরে ক্রীড়ার মাধ্যমে একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান রানা এবং টুর্নামেন্ট আহ্বায়ক কমিটির সদস্যসচিব খাইরুল হাসান প্রতিযোগিতার সার্বিক আয়োজন, অংশগ্রহণকারী দলসমূহ এবং খেলার সময়সূচি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। সফল আয়োজনের জন্য তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহী, টিম ম্যানেজার, দলনেতা, খেলোয়াড় এবং বিভিন্ন স্তরের ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘বিসিবিএল ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ ব্যাংকিং খাতের পেশাজীবীদের মধ্যে নেতৃত্ব, দলগত সমন্বয়, স্বাস্থ্যসচেতনতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। টুর্নামেন্টটি ব্যাংকারদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ